পবিত্র শবে মেরাজ আজ
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
পবিত্র লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ আজ শুক্রবার (১৬ জানুয়ারি)। ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ এই রাতটি গভীর শ্রদ্ধা, ইবাদত-বন্দেগি ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে পালন করবেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা।
শবে মেরাজ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনের এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অধ্যায়। এই রাতেই মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়। আল্লাহর নির্দেশ নিয়ে এ রাতেই নবী করিম (সা.) মানবজাতির কাছে সালাত প্রতিষ্ঠার বিধান পৌঁছে দেন।
ইসলামের ইতিহাস অনুযায়ী, নবুওয়াতের দশম বছরে বা ৬২১ খ্রিষ্টাব্দে এক রাতে হযরত মুহাম্মদ (সা.) পবিত্র কাবা শরিফ থেকে জেরুজালেমের মসজিদুল আকসায় গমন করেন, যা ‘ইসরা’ নামে পরিচিত। সেখানে তিনি নবীদের জামাতে ইমামতি করেন।
পরবর্তীতে ‘বুরাক’ নামক বিশেষ বাহনে আরোহন করে তিনি ঊর্ধ্বাকাশে গমন করেন, যা ‘মেরাজ’ নামে পরিচিত। এ সফরে ফেরেশতা হযরত জিবরাইল (আ.) তাঁর সঙ্গী ছিলেন। এ সময় তিনি সিদরাতুল মুনতাহা, বেহেশতের নদীসমূহ, ফেরেশতাদের ইবাদতখানা বায়তুল মা’মুরসহ বিভিন্ন নিদর্শন পরিদর্শন করেন এবং মহান আল্লাহ তায়ালার সান্নিধ্য লাভ করেন।
এই পবিত্র রাত উপলক্ষে মুসলমানরা দেশের মসজিদ-মাদ্রাসা, খানকা ও নিজ নিজ ঘরে কোরআন তিলাওয়াত, জিকির-আযগার, নফল নামাজ ও দোয়া-মোনাজাতে মহান আল্লাহর রহমত, ক্ষমা ও হিদায়াত প্রার্থনা করেন।




















