বিমানবন্দরে আটক আওয়ামী লীগ নেতা
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ২৭৭ বার পড়া হয়েছে
গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিনকে আটক করেছে পুলিশ। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
কাজী আলিম উদ্দিন বুদ্দিন শহরের উত্তর ছায়াবীথি নয়াবাড়ি এলাকার বাসিন্দা। তিনি প্রয়াত কাজী সিরাজ উদ্দিন ছেলে এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য।
গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (সদর জোন) মো. মাসুদুর রহমান জানান, রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কাজী আলিম উদ্দিন বুদ্দিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের বাইরে (থাইল্যান্ড) যাওয়ার চেষ্টা করেন। এ সময় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করার পর গাজীপুর মহানগর পুলিশকে খবর দেয়। পরে তাকে মহানগরের বাসন থানায় হস্তান্তর করা হয়।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, রোববার বিকেলে কাজী আলিম উদ্দিন উদ্দিনকে ঢাকা থেকে গাজীপুরে আনা হচ্ছে। বাসন থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।


























