একমাসের ব্যবধানে সবজির দাম বেড়েছে ২০ টাকা
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে
আলু ও পেঁপে ছাড়া সব ধরনের সবজির কেজি এখন ১০০ টাকার ওপরে। দাম বৃদ্ধির তালিকার শীর্ষে সব ধরনের সবজি। রাজধানীতে গত একমাসের ব্যবধানে প্রতি কেজি সবজির দাম বেড়েছে অন্তত ২০ টাকা। যা গত বছরে একই সময়ে ছিল ৫০ থেকে ৬০ টাকা।
বেড়েছে আলু ও পেঁপের দামও। ডিমের ডজনও এখন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানিনির্ভরতা না থাকলেও দেশীয় এসব খাদ্যপণ্যের দাম বছরের ব্যবধানে প্রায় দ্বিগুণ বেড়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে। ক্রেতারা জানান, দিন দিন কাঁচাবাজারে সব জিনিসের দাম বাড়ছে। সবজির দাম গত দুই সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ১০ থেকে ২০ টাকা এবং ডিমের দাম ২০ টাকা বেড়েছে। গরিবের খাবার মোটা চালের দাম গত এক বছরে প্রতি বস্তায় বড়েছে ১ হাজার টাকা।
ঢাকার বাজারে কাঁচা মরিচ কেজি ২০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি পটোল, মুখিকচু, চিচিঙ্গা, ধুন্দল, কচুর লতি ও বরবটি, ঢেঁড়স, করলা ও কাঁকরোলের কেজি এখন ৮০ থেকে ১০০ টাকা। এক মাস আগেও দাম ছিল সর্বোচ্চ ৬০ টাকা; যা গত বছরে বিক্রি হয়েছে ৪০-৬০ টাকা কেজি দরে। ঢাকার বাজারে শুধু পেঁপে ৫০ টাকা ও আলু ৩০ টাকায় বিক্রি হচ্ছে। ৩০ টাকা কেজি দরে বিক্রি হওয়া মিষ্টি কুমড়াও এখন ৫০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে ৮০ টাকা এবং বেগুন মানভেদে ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
বেসরকারি চাকরিজীবী রাকিব বলেন, কিছুদিন আগেও সবজির দাম কম ছিল, দুই সপ্তাহ ধরে দাম বাড়তি। দোকানে ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়। প্রতি ডজন ডিমের দাম ১৪০ থেকে ১৫০ টাকা। এর মধ্যে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে সাদা ডিম আর ১৫০ টাকা বাদামি রঙের ডিম। ১০ দিন আগেও প্রতি ডজন ডিমের দাম ছিল ১২০ থেকে ১৩০ টাকা। সোনালি মুরগির দাম আরও বেড়ে কেজি এখন ৩৪০ টাকা। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা।
অন্যদিকে, বিক্রেতারা বলছেন, বাজারে সবজি ও মাছের দাম অনেক বেশি। তাই নিম্ন আয়ের অনেক মানুষ বাধ্য হয়ে মাছ ও সবজির বদলে ডিমে বেশি আগ্রহী হয়েছেন। যার কারণে দাম বাড়ছে।
সরু চালের কেজি এখন ৮০ টাকা। তবে একটু ভালো মানের চিকন চালের বস্তা (৫০ কেজি) এখন ৪ হাজার ২০০ টাকা। গত বছরে যে চালের বস্তা ২৯০০ থেকে ৩১০০ টাকায় বিক্রি করতাম। বছরের ব্যবধানে বস্তায় বেড়েছে প্রায় ১১০০ টাকা।






















