পণ্যের দামে চাপে নির্দিষ্ট আয়ের মানুষ
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫ ৭০ বার পড়া হয়েছে
বাজারে ফার্মের মুরগির ডিম, মসুর ডাল, টমেটোসহ কিছু সবজি, ভোজ্যতেলসহ বেশ কয়েকটি পণ্যের দাম বেড়েছে। এতে করে চাপে পড়েছেন নির্দিষ্ট আয়ের মানুষ। সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবীরা। এদিকে, বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টির কারণে বাজারে পণ্যের সরবরাহে সমস্যা হয়েছে। যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও।
রাজধানীর বাজারে বেশি উত্তাপ কাঁচা মরিচের দামে। এদিকে সপ্তাহ ব্যবধানে বেড়েছে ডিম, পেঁয়াজ ও মুরগির দামও।
রাজধানীর খুচরা বাজারের বিক্রেতারা বলছেন, বাজারে পর্যাপ্ত সবজি আসছে না, ফলে দাম বেড়েছে প্রায় সব ধরনের সবজির। বিশেষ করে দাম বাড়তি কাঁচা মরিচের। কেজিপ্রতি মরিচ বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকায়।
এছাড়া করলা, কাঁকরোল, পটল, ঢেঁড়স, বরবটি বেশির ভাগ সবজির কেজি এখন ৬০ থেকে ৮০ টাকা। আমদানি করা টমেটোর কেজি ১৪০-১৫০ টাকা। অন্যদিকে বেগুনের দাম কেজিতে ২০-৩০ টাকা বেড়ে ১০০-১৫০ টাকায় উঠেছে।
সবজির পাশাপাশি ডিমের দামও বেড়েছে। এক সপ্তাহে হালিতে ১০ টাকা এবং ডজনে ২০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। একই সময়ে পেঁয়াজের দামও চড়া। প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০-৮৫ টাকা কেজিতে।
মাছ মাংসের বাজারে বেড়েছে মুরগির দাম। এক কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকায় এবং সোনালি মুরগি ৩০০ থকে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে; যা আগের সপ্তাহে কেজিতে ২০-৩০ টাকা কম ছিল।
এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৯০০ টাকা কেজি। এই দামে ৫০ কেজি চাল কেনা যায়। এ ছাড়া ৪০০-৫০০ গ্রাম ওজনের ইলিশের দাম ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা কেজি। ছোট ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়।






















