বাংলাদেশি গার্মেন্টস পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা ভারতের
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে
ভারতীয় স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক ও কিছু প্রক্রিয়াজাত পণ্য প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। শনিবার (১৭ মে) এই নিষেধাজ্ঞার ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (ডিজিএফটি)।
তাতে বলা হয়েছে, বাংলাদেশের কিছু নির্দিষ্ট পণ্য ভারতের স্থলবন্দর দিয়ে আসায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
দেশটির বাণিজ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানের উদ্দেশে পরিবহন করা বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে কোনো তৈরি পোশাক ভারতের কোনো স্থলবন্দর দিয়ে অনুমোদিত হবে না। তবে কেবল নবসেবা ও কলকাতা সমুদ্রবন্দর দিয়ে বাংলাদেশে তৈরি পোশাক ভারতে যেতে পারবে।
এছাড়াও নিষিদ্ধ করা হয়েছে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি শুল্কস্টেশন দিয়ে পরিবহন হওয়া বিভিন্ন ফল, জুস ও কার্বনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য, তুলা, প্লাস্টিকজাত পণ্য, কাঠের আসবাবপত্র আমদানি।
তবে বন্দরের এই নিষেধাজ্ঞা বাংলাদেশ থেকে মাছ, এলপিজি, ভোজ্যতেল ও চূর্ণ পাথর আমদানির ক্ষেত্রে কার্যকর হবে না।

























