সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- সংবাদ প্রকাশের সময় : ১২:১৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ১৬০ বার পড়া হয়েছে
দেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে দেশের ৪ বন্দরে তিন নম্বর সতর্কসংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে মাছ ধরার ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।
বুধবার (২ অক্টোবর) সকাল ১০টায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন সাক্ষরিত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
তাতে বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
কক্সবাজার, চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়।























