ব্যারিস্টার মইনুল হোসেনের খোঁজে বাসায় পুলিশ
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪ ১৫১ বার পড়া হয়েছে
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও প্রয়াত ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার করতে তার বাসায় গিয়েছিলো পুলিশ। পরিবারের অভিযোগ, সোমবার (২৯ জুলাই) তাকে গ্রেপ্তার করতে রাজধানীর বারিধারার বাসায় যায় পুলিশ। গত বছরের ডিসেম্বরে মারা গেছেন মইনুল হোসেন।
মইনুল হোসেনের পরিবারে অভিযোগ, একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তাদের বাসায় এসেছিল পুলিশ। গত সোমবার দুপুরে একটি মামলাসংক্রান্ত বিষয়ে কয়েকজন পুলিশ বারিধারার ২২ নম্বর বাড়িতে যান। বাড়িটি প্রয়াত আইনজীবী মইনুল হোসেনের। সেই সময় বাসায় পরিবারের কেউ ছিলেন না।
বাড়িতে থাকা কর্মীরা পুলিশ সদস্যদের জানান, ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন। পরে পুলিশ সদস্যরা তার মৃত্যুসনদ দেখতে চান। এরপর তারা চলে যান।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম সংবাদমাধ্যকে বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালত মৃত্যুসংক্রান্ত একটি প্রতিবেদন চেয়েছিলেন। আর সেই প্রতিবেদন আনতে গুলশান থানার একজন পুলিশ কর্মকর্তা ওই বাসায় গিয়েছিলো। বাসায় থাকা কর্মীদের কাছ থেকে মৃত্যুসনদ আনা হয়েছে। এখন আমরা তার মৃত্যুসংক্রান্ত প্রতিবেদন আদালতে পাঠাব।
উল্লেখ্য, ২০২৩ সালে ৯ ডিসেম্বর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও দৈনিক ইত্তেফাকের সাবেক সম্পাদকমণ্ডলীর সভাপতি মইনুল হোসেন মারা যান।





















