‘বেটার বাংলাদেশ’ গড়তে সব ধর্মের ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
সুখী ও সমৃদ্ধ ‘বেটার বাংলাদেশ’ গড়ে তুলতে সব ধর্মের মানুষের সম্মিলিত সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে খ্রিষ্টান সম্প্রদায়ের Easter Sunday উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, খ্রিষ্টান সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করে। প্রধানমন্ত্রী তাদের সার্বিক সাফল্য কামনা করেন।
ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশের সভাপতি ফিলিপ পি. অধিকারীর নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল এ সময় উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, “আমরা সব ধর্মের মানুষকে সমানভাবে দেখি। ধর্ম যার যার, দেশ সবার—এই বিশ্বাস থেকেই আমরা এগিয়ে যেতে চাই।” তিনি আরও বলেন, দেশ গড়ার লক্ষ্যে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি দাবি করেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচনে সব ধর্মের মানুষ বিএনপিকে সমর্থন দিয়েছে, যা অতীতের প্রচলিত ধারণাকে ভুল প্রমাণ করেছে।
দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের সময় অর্থনীতি ও অবকাঠামোসহ বিভিন্ন খাত ছিল দুর্বল অবস্থায়। পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে খ্রিষ্টান সম্প্রদায়ের নেতারা সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচির প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা জাতীয় সংসদে সংরক্ষিত আসনে প্রতিনিধিত্ব এবং ইস্টার সানডেতে সরকারি ছুটি ঘোষণার দাবিও জানান।
প্রধানমন্ত্রী এসব দাবি বিবেচনার আশ্বাস দেন। শেষে খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষ থেকে তাকে একটি ক্রেস্ট উপহার দেওয়া হয়।
























