মির্জা ফখরুল
সংস্কার শুধু নয়, বাস্তবায়নেও প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি
- সংবাদ প্রকাশের সময় : ০৪:১৮:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বিএনপি সরকার কেবল সংস্কারের কথা বলে না, বরং তা বাস্তবায়নেও অঙ্গীকারবদ্ধ—এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে হবিগঞ্জের তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, বিএনপি সংস্কার চায় না—এমন বক্তব্য সম্পূর্ণ মিথ্যা এবং এর মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।
মুক্তিযুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, “মুক্তিযুদ্ধ আমাদের গর্ব ও অস্তিত্বের অংশ। তবে কিছু গোষ্ঠী এই ইতিহাসকে খাটো করার চেষ্টা করছে।” একই সঙ্গে তিনি ‘জুলাই আন্দোলন’কে আরেকটি গৌরবময় অধ্যায় হিসেবে উল্লেখ করেন।
দলীয় শৃঙ্খলা নিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর বক্তব্য অনুযায়ী, “দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো”—অর্থাৎ দলে অনিয়মকারীদের কোনো স্থান নেই।
সভায় তিনি চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আমিনুল ইসলাম।
এছাড়া স্থানীয় সংসদ সদস্য, প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশ নেন।





















