মশার কয়েল থেকে আগুন, গোয়ালঘরে পুড়ে মারা গেল ৪ ছাগল
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৮০ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ীতে মশার কয়েল থেকে আগুন লেগে একটি গোয়ালঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি ছাগল পুড়ে মারা গেছে এবং একটি গরু গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সোমবার (৯ মার্চ) ভোররাতে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের আম্রবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত রিয়াজুল ইসলাম জানান, সেহরি খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছিলেন। ভোরের দিকে হঠাৎ গোয়ালঘর থেকে ধোঁয়ার গন্ধ পেয়ে ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখেন গোয়ালঘরে আগুন জ্বলছে। পরে পরিবারের সদস্যরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে গোয়ালঘরে থাকা চারটি ছাগল পুড়ে মারা যায় এবং একটি গরু আহত হয়। আগুনে একটি ছানিকাটা মেশিন, গোয়ালঘরের ছাউনি এবং জ্বালানি খড়িও পুড়ে যায়।
ফুলবাড়ী ফায়ার সার্ভিসের টিম লিডার জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।






















