মির্জা ফখরুল
সবার ঘরে পৌঁছাবে ফ্যামিলি কার্ড
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে এবং ধীরে ধীরে তা দেশের প্রতিটি পরিবারে পৌঁছে দেওয়া হবে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ইউআই আলিম মাদরাসা প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম সরকারে এলে ফ্যামিলি কার্ড চালু করব। এখন আমরা সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে। প্রাথমিকভাবে কার্যক্রম শুরু হয়েছে, ধীরে ধীরে এই কার্ড প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যাবে।”
মির্জা ফখরুল বলেন, ফ্যামিলি কার্ড মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে। এর মাধ্যমে পরিবারের আর্থিক ও সামাজিক নিরাপত্তা বাড়বে এবং নারীদের ক্ষমতায়নেও ভূমিকা রাখবে।
তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই কর্মসূচি চালুর মাধ্যমে সরকার মানুষের কল্যাণে কাজ করছে এবং ঠাকুরগাঁওকে এই কর্মসূচির অংশ হিসেবে বেছে নেওয়ায় তিনি ধন্যবাদ জানান।
মন্ত্রী আরও জানান, সরকার দায়িত্ব নেওয়ার ২২ দিনের মধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছে। পাশাপাশি কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। আগামী ১৬ মার্চ থেকে খাল খনন কার্যক্রম শুরু হবে, যাতে বর্ষার পানি সংরক্ষণ করে খরার সময় কাজে লাগানো যায়।
তিনি বলেন, প্রতিটি কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে তারা ন্যায্যমূল্যে সার, সেচ ও বীজ কিনতে পারবেন।
বিএনপি মহাসচিব বলেন, “গত ১৫ বছরে নানা অনিয়ম ছিল। অনেক ক্ষেত্রে টাকা ছাড়া কার্ড পাওয়া যেত না। এবার কোনো ধরনের অর্থ লেনদেন ছাড়াই কার্ড দেওয়া হচ্ছে। তাই হতাশ হওয়ার কিছু নেই, পর্যায়ক্রমে সবাই এই সুবিধা পাবেন।”
তিনি আরও বলেন, আগামী ২০২৭ সালে মেডিক্যাল কলেজে ভর্তি কার্যক্রম শুরু হবে এবং এলাকায় বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর নির্মাণের কাজও শুরু হবে। পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য Abdus Salam, বিভাগীয় কমিশনার Shahidul Islam, জেলা প্রশাসক Ishrat Farzanaসহ বিএনপির নেতাকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।





















