প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
- সংবাদ প্রকাশের সময় : ০২:১৮:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-এর নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
সোমবার (৯ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দেশের বিভিন্ন রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড)-এর চলমান কার্যক্রম, বিনিয়োগ পরিস্থিতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। পাশাপাশি বেপজার কার্যক্রম আরও সম্প্রসারণ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়েও মতবিনিময় করা হয়।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বেপজার সার্বিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং রপ্তানি খাতের বিকাশে বেপজার ভূমিকার প্রশংসা করেন। তিনি বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রেখে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বেপজাকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
সাক্ষাৎকালে সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।





















