ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা ২ লাখ
- সংবাদ প্রকাশের সময় : ১০:২৯:৪২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ১২ বার পড়া হয়েছে
জামালপুরে ভেজাল খাদ্য বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ও খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ।
শনিবার (৭ মার্চ) বিকেলে নান্দিনা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ ও ইমন হোসেন। অভিযানে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ।
অভিযান চলাকালে জামালপুর সদর উপজেলা–এর নান্দিনা গো-হাটি বাজারের আটটি খাবারের দোকান ও প্রতিষ্ঠানে কাঁচামাল পরীক্ষা ও পরিদর্শন করা হয়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাৎক্ষণিকভাবে খাদ্যে ক্ষতিকর উপাদানের উপস্থিতি পরীক্ষা করা হয়।
পরিদর্শনে মেসার্স তাওহীদ ট্রেডার্স ও মেসার্স ভাই ভাই আড়তে চিনি মিশ্রিত গুড়, ভেজাল হাইড্রোজ, পচা নালী ও গুড়ের বীজ ব্যবহারের প্রমাণ পাওয়ায় প্রতিটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ বলেন, হাইড্রোজ একটি শিল্প কারখানায় ব্যবহৃত রাসায়নিক পদার্থ, যা খাদ্যে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। কিছু অসাধু ব্যবসায়ী মুড়ি, চিড়া, নুডলস বা আটা সাদা ও আকর্ষণীয় দেখাতে এটি ব্যবহার করে থাকে, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।
তিনি আরও জানান, নিয়মিত এ ধরনের রাসায়নিক গ্রহণ করলে শ্বাসকষ্ট, পাকস্থলীর সমস্যা, মাথা ঘোরা ও এলার্জির ঝুঁকি বাড়ে। দীর্ঘমেয়াদে এটি লিভার ও কিডনির ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন অনুযায়ী খাদ্যে এ ধরনের ক্ষতিকর রাসায়নিক ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ।
তিনি বলেন, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ব্যবসায়ীদের আইন মেনে নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য উৎপাদন ও বিক্রির আহ্বান জানান।






















