সরকারি জমির মাটি বিক্রি করছেন বিএনপি নেতা মজনু
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের মধ্যনগরে সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে আব্দুল কাইয়ুম মজনু নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে।
মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম মজনু প্রায় এক মাস ধরে চামরদানী ইউনিয়নের বিছড়া কান্দা এলাকায় সরকারি খাস জমি থেকে এক্সেভেটর (ভেকু) মেশিন ব্যবহার করে প্রতিদিন লাখ লাখ টাকার মাটি উত্তোলন করে আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করছেন। স্থানীয়রা বলছেন, মজনু উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা হওয়ায় কেউ প্রকাশ্যে তার এই অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন জানান, মাটি বিক্রি বন্ধের দাবি থাকলেও প্রশাসন এখনো কার্যকর পদক্ষেপ নেনি। সচেতন মহল জানায়, অবৈধ মাটি উত্তোলন অব্যাহত থাকলে পরিবেশ ও কৃষি উভয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।
এই বিষয়ে জানতে চাইলে আব্দুল কাইয়ুম মজনু বলেন, “এ বিষয় নিয়ে পরে কথা হবে। আমি নেত্রকোনায় আছি, এমপি সাব আসবেন, তারপর বিস্তারিত জানাব।”
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল রায় জানিয়েছেন, খবর পেয়ে তিনি গত রাত থেকেই মাটি কাটা বন্ধের নির্দেশ দিয়েছেন।






















