ভেজাল স্যালাইন তৈরির অভিযোগে জরিমানা, গোডাউন সিলগালা
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ১১ বার পড়া হয়েছে
পাবনা শহরে ভেজাল ওরাল স্যালাইন তৈরির অভিযোগে ফাতেমা ফুড অ্যান্ড বেভারেজ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটির গোডাউন সিলগালা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) শহরের কয়েকটি বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।
সূত্র জানায়, রমজানকে কেন্দ্র করে ওরাল স্যালাইনের চাহিদা বেড়ে যাওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী অনুমোদন ছাড়াই ভেজাল স্যালাইন উৎপাদন ও বাজারজাত করছেন—এমন অভিযোগের ভিত্তিতে শহরের তিনটি বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শালগাড়িয়া এলাকার ফাতেমা ফুড অ্যান্ড বেভারেজকে অনুমোদন ছাড়া মিথ্যা বিজ্ঞাপনে ভেজাল ওরাল স্যালাইন উৎপাদনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাদের গোডাউন সিলগালা করা হয়।
এ ছাড়া বিএসটিআই অনুমোদনের দাবি করলেও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় একই এলাকার আবির এগ্রো ফুড অ্যান্ড বেভারেজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ইলিয়াস স্টোরকে তিন হাজার এবং অনন্ত বাজার এলাকার জিলাপি বিক্রেতা সোহেলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
খোলাবাজারে পেট্রোল বিক্রির দায়ে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার পাবনা পেট্রোলিয়াম এজেন্সিকেও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা মাহমুদ হাসান রনি বলেন, অনুমোদন ছাড়াই মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ভেজাল স্যালাইন তৈরি করা হচ্ছিল। এতে রমজানে সাধারণ মানুষ প্রতারিত হওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।
তিনি আরও জানান, বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি বাজারে অভিযান চালিয়ে মোট পাঁচটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।





















