ট্রলির নিচে চাপা পড়ে চালকের মৃত্যু, স্পিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রলির নিচে চাপা পড়ে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৯টার দিকে ফুলবাড়ী শহর থেকে প্রায় চার কিলোমিটার দক্ষিণে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের মুক্তারপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ট্রলি চালক মো. রাসেল সোনার (৩৫) রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের সোনারপাড়া গ্রামের জাহাঙ্গীর সোনারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল সোনার বদরগঞ্জ উপজেলার নাগেরহাট এলাকা থেকে বালুভর্তি ট্রলি নিয়ে ফুলবাড়ীর দেশমা এলাকায় বালু নামিয়ে ফেরার পথে ছিলেন। মাদিলাহাট–ফুলবাড়ী সড়কের মুক্তারপুর তিন রাস্তার মোড়ে একটি ভ্যানকে পাশ কাটাতে গিয়ে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি সড়কের সংযোগস্থল হওয়ায় ওই জায়গাটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। বাঁক ও সংযোগ সড়ক থাকা সত্ত্বেও মূল সড়কে যানবাহন দ্রুতগতিতে চলাচল করে। প্রয়োজনীয় সতর্কতামূলক চিহ্ন ও গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করেন। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান ঘটনাস্থলে গিয়ে স্পিড ব্রেকার নির্মাণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। এ সময় উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম ও খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম হোসেন উপস্থিত ছিলেন।
ফুলবাড়ী থানার ওসি আব্দুল লতিফ শাহ জানান, সুরতহাল শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।





















