তিন সপ্তাহ পর মুক্তিপণে ছাড়া পেলেন ১৪ জেলে, চরে ফের আতঙ্ক
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ২০ বার পড়া হয়েছে
অপহরণের প্রায় তিন সপ্তাহ পর মুক্তিপণ দিয়ে মুক্তি পেয়েছেন ১৪ জেলে। প্রত্যেকের জন্য ৭০ থেকে ৮০ হাজার টাকা করে দিতে হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিষয়টি নিশ্চিত করেছেন দুবলার চর শুঁটকি উৎপাদন কেন্দ্রের বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিল্টন রায়।
ফিরে আসা জেলেরা নারকেলবাড়িয়া ও শেলার চর এলাকার শুঁটকি ব্যবসায়ী মিজান মালি, শাহিনুর মালি, হাবিব ও রবি মহাজনের অধীনে কাজ করতেন।
যেভাবে অপহরণ
গত ১২ ফেব্রুয়ারি রাতে দুর্ধর্ষ বনদস্যু করিম শরীফ বাহিনী পূর্ব সুন্দরবনের শেলার চর শুঁটকি পল্লীতে হানা দিয়ে একটি ট্রলারসহ ছয় জেলেকে অপহরণ করে। এরপর ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ২০টি ট্রলার থেকে আরও ২০ জেলেকে তুলে নিয়ে যায় বনদস্যু জাহাঙ্গীর ও সুমন বাহিনী।
মুক্তিপণ দিয়ে মুক্তি
বুধবার (৪ মার্চ) বিকেলে শেলার চরের শুঁটকি ব্যবসায়ী আরিফ হোসেন মিঠু পাঠানো এক অডিও বার্তায় জানান, চার মহাজনের অধীনে কর্মরত ১৪ জেলেকে ছেড়ে দিয়েছে দস্যুরা। প্রত্যেক জেলের মুক্তির জন্য ৭০ থেকে ৮০ হাজার টাকা করে মুক্তিপণ পরিশোধ করা হয়েছে।
ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় মহাজনদের বরাত দিয়ে জানান, চাহিদামতো অর্থ না পেলে সংঘবদ্ধ দস্যুরা আবারও শুঁটকি পল্লীতে হামলা চালিয়ে বড় সংখ্যায় জেলে অপহরণের হুমকি দিয়েছে।
এ খবর ছড়িয়ে পড়ার পর শুঁটকি উৎপাদনকারী চরগুলোতে নতুন করে আতঙ্ক বিরাজ করছে।





















