ঢাকা পলিটেকনিকে হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ
- সংবাদ প্রকাশের সময় : ১১:০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে নিয়মিত শিক্ষার্থী ও ছাত্রশিবির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের সশস্ত্র হামলার অভিযোগে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ম
ঙ্গলবার (৩ মার্চ) প্রতিষ্ঠানটির দক্ষিণ গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে সংগঠনটির ঢাকা মহানগর উত্তর শাখা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসু জিএস এস এম ফরহাদ।
নগর উত্তর সভাপতি সাইফুল ইসলাম সাইমের পরিচালনায় আয়োজিত কর্মসূচিতে ঢাকা মহানগর পূর্বের সভাপতি আসিফ আব্দুল্লাহ ও পশ্চিমের সভাপতি হাফেজ আবু তাহেরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ-পরবর্তী সমাবেশে আজিজুর রহমান আজাদ বলেন, অতীতে ক্যাম্পাসে গণরুম, গেস্টরুম ও হল দখলের রাজনীতি যেভাবে ছিল, বর্তমানে ছাত্রদল একই পথে হাঁটছে বলে তাদের অভিযোগ। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি আহ্বান জানিয়ে ছাত্রদলকে নিয়ন্ত্রণ বা নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতিতে ফেরানোর দাবি জানান।
কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী বলেন, ধারালো অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সম্ভাব্য সহিংসতার বিষয়ে প্রশাসনকে আগেই জানানো হয়েছিল বলে দাবি করে তিনি হামলার দায় প্রশাসন এড়াতে পারে না বলে মন্তব্য করেন।
ডাকসু জিএস এস এম ফরহাদ অভিযোগ করেন, ছাত্রদল নিজেরা হামলা চালিয়ে দায় ছাত্রশিবিরের ওপর চাপানোর চেষ্টা করছে। তিনি এটিকে ‘নোংরা রাজনীতি’ বলে আখ্যা দেন।
সমাবেশে বক্তারা বলেন, ইসলামী ছাত্রশিবির শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতিতে বিশ্বাসী। হামলা-নির্যাতনের মাধ্যমে তাদের কার্যক্রম বন্ধ করা যাবে না। দোষীদের দ্রুত গ্রেফতার ও শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।


























