যশোরে ওষুধ ব্যবসায়ী অপহরণ, কোটি টাকা মুক্তিপণ দাবি
- সংবাদ প্রকাশের সময় : ০৭:০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ১৩৬ বার পড়া হয়েছে
যশোরে জাহাঙ্গীর আলম (৪৮) নামে এক ওষুধ ব্যবসায়ী অপহরণের শিকার হয়েছেন। সোমবার (২ মার্চ) রাত পৌনে ১০টার দিকে তাকে তুলে নেওয়া হয়। পরে অপহরণকারীরা ফোন করে তার পরিবারের কাছে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে।
এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী রেশমা খাতুন মঙ্গলবার যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অপহৃত জাহাঙ্গীর আলম ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাতগাছী গ্রামের প্রয়াত শিক্ষক লুৎফর রহমানের ছেলে। তিনি যশোর শহরের রায়পাড়া পশু হাসপাতালের সামনে একটি ভ্যাটেনারি ফার্মেসির মালিক।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, সোমবার রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে খোলাডাঙ্গা কদমতলায় নিজ বাসায় ফিরছিলেন জাহাঙ্গীর আলম। পথে একটি প্রাইভেটকার তার গতিরোধ করে। সেখান থেকে কয়েকজন তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
পরিবারের দাবি, রাত ১০টার দিকে জাহাঙ্গীর আলমের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে তার স্ত্রীর ফোনে কল আসে। অপহরণকারীরা এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানা–র ইনস্পেকটর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরই অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে। পাশাপাশি অপহরণের পেছনের কারণ এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।





















