আমদানি হবে আরও ১৯ কোটি ডিম
- সংবাদ প্রকাশের সময় : ১১:০৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ১১৩ বার পড়া হয়েছে
দেশের বাজারে ডিমের দাম নিয়ন্ত্রণে রাখতে আরও ১৯ কোটি ডিম আমদানি করা হবে। এজন্য ৪৩টি প্রতিষ্ঠানকে ১৯ কোটি ৩০ লাখ ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে মঙ্গলবার (১৯ নভেম্বর) এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার (১৮ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় এ ডিম আমদানির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমদানি-রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরকে চিঠি দিয়েছে। দ্রুত এ বিষয়ে আদেশ জারি হবে।
এর আগে, গত অক্টোবর মাসে দুই দফায় ১৯ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ কোটি ডিম আমদানির অনুমতি দেয়া হয়। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ অনুমতি বলবৎ থাকবে। দেশে প্রতিদিন প্রায় পাঁচ কোটি ডিমের চাহিদা রয়েছে।
তবে ডিম আমদানির ক্ষেত্রে কয়েকটি শর্ত মেনে চলতে হয়। শর্তগুলো হলো-
১. এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু-মুক্ত দেশগুলো থেকে ডিম আমদানি করতে হবে।
২. ডিমের প্রতিটি চালানের জন্য রপ্তানিকারক দেশের সরকার নির্ধারিত বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের দেওয়া বার্ড ফ্লু ভাইরাস ও ক্ষতিকর ব্যাকটেরিয়ামুক্ত থাকার সনদ দাখিল করতে হবে।
৩. প্রতিটি চালানের কমপক্ষে ১৫ দিন আগে সংশ্লিষ্ট সঙ্গনিরোধ কর্মকর্তাকে জানাতে হবে।
৪. অনুমতি পেলে সাত দিন পরপর এ-সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করতে হবে।





















