শ্বশুরের সম্পত্তির লোভে ৫ বছরের শ্যালিকাকে হত্যা, দুলাভাই গ্রেপ্তার
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৫:০৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ধানখেত থেকে শরিফা খাতুন নামে ৫ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৫ এপ্রিল) বিকালে গোমস্তাপুর উপজেলার মকরমপুর-নাদেরাবাদ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, সম্পত্তির লোভে ওই শিশুকে তার দুলাভাই হত্যার পর ধানখেতে ফেলে দেয়। পুলিশ দুলাভাই মো. অন্তরকে গ্রেপ্তার করেছে।
গোমস্তাপুর থানার ওসি মো. নূরে আলম এসিব তথ্য নিশ্চিত করে জানান, শরিফা খাতুন আলীনগর ইউনিয়নের মকরমপুরের শহীদুল ইসলামের মেয়ে। গত শুক্রবার(৩এপ্রিল ) বিকাল থেকে শিশু শরিফা খাতুন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুজির পর তাকে না পেয়ে গতকাল শনিবার গোমস্তাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার নানা আব্দুল করিম। ঘটনার তদন্ত নেমে পুলিশ সন্দেহভাজন হিসেবে শরিফার দুলাভাই মো. অন্তরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে তার দেখানো একটি ধানখেতে থেকে শরিফার মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, অন্তরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধারণা করা হচ্ছে শ্বশুরের সম্পত্তির অধিক পরিমাণ ভাগ পেতে শ্যালিকা শরিফাকে হত্যা করে সে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে। অন্তরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বাড়ি গোমস্তাপুর উপজেলার লালপুরে।



















