৪৮১ জন ‘অমুক্তিযোদ্ধা’র গেজেট বাতিল
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
সারা দেশে তদন্ত ও যাচাই-বাছাই শেষে রাজনৈতিক প্রভাবের মাধ্যমে তালিকাভুক্ত ৪৮১ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল করেছে সরকার। রবিবার (৫ এপ্রিল) জাতীয় সংসদে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আযম খান এই তথ্য জানান।
সিলেট-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মালিকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় সুযোগসন্ধানীরা অসাধুভাবে বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় নাম লিখিয়েছিলেন। এর প্রাথমিক তদন্তে ৪৮১ জনের সনদ ও গেজেট বাতিল করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের গঠিত উপকমিটি নিয়মিত শুনানি ও নথিপত্র যাচাই-বাছাই করছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি যোগ করেন, “বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। প্রকৃত ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ নেই, তবে কিছু সুযোগসন্ধানী মানুষ তালিকায় ঢুকে পড়েছে। তাদের শনাক্ত করা একটি চলমান প্রক্রিয়া।”




















