কোটি কোটি বছর আগে চাঁদে ছিল অক্সিজেন? মিলছে চমকপ্রদ তথ্য
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৯ বার পড়া হয়েছে
পৃথিবী ও চাঁদ—দেখতে ভিন্ন হলেও তাদের জন্মের ইতিহাস জড়িয়ে আছে একই সূত্রে। প্রচলিত এক বৈজ্ঞানিক ধারণা অনুযায়ী, পৃথিবীর সঙ্গে মঙ্গলগ্রহের আকারের একটি মহাজাগতিক বস্তুর সংঘর্ষের ফলে যে ধ্বংসাবশেষ ছিটকে যায়, সেখান থেকেই সৃষ্টি হয় চাঁদের।
এই তত্ত্ব থেকেই দীর্ঘদিন ধরে বিজ্ঞানীদের মনে প্রশ্ন—চাঁদে কি কখনও পৃথিবীর মতো পরিবেশ ছিল? সেখানে কি কখনও অক্সিজেন বা এমনকি প্রাণের অস্তিত্ব ছিল? সাম্প্রতিক এক গবেষণা সেই প্রশ্নে নতুন মাত্রা যোগ করেছে।
বিজ্ঞানীদের মতে, আজকের চাঁদে বায়ুমণ্ডল বা অক্সিজেন না থাকলেও অতীতে পরিস্থিতি ভিন্ন হতে পারে। চাঁদের শিলা বিশ্লেষণ করে প্রায় ৪০০ কোটি বছর আগের পরিবেশ সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে। সে সময় চাঁদের পৃষ্ঠে ব্যাপক অগ্ন্যুৎপাত ঘটত, যার ফলে তৈরি হয়েছিল বিভিন্ন ধরনের শিলা।
২০২৬ সালের মার্চে ‘নেচার কমিউনিকেশনস’ জার্নালে প্রকাশিত এক গবেষণায় Georgia Institute of Technology-এর বিজ্ঞানীরা Apollo 17 অভিযানে আনা একটি চাঁদের শিলা বিশ্লেষণ করেন। সেই শিলায় তারা খুঁজে পান ‘ইলমেনাইট’ নামের একটি খনিজ, যা লৌহ, টাইটেনিয়াম ও অক্সিজেন দিয়ে গঠিত।
গবেষণায় দেখা যায়, ওই ইলমেনাইটে টাইটেনিয়ামের ইলেক্ট্রন আচরণ স্বাভাবিকের তুলনায় ভিন্ন। সাধারণত টাইটেনিয়াম অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে চারটি ইলেক্ট্রন ত্যাগ করে, কিন্তু এখানে পাওয়া গেছে তিনটি। বিজ্ঞানীদের মতে, এটি ইঙ্গিত দেয়—খনিজটি তৈরি হওয়ার সময় সেখানে সীমিত পরিমাণ অক্সিজেন উপস্থিত ছিল।
এই তথ্যের ভিত্তিতে গবেষকদের ধারণা, প্রায় ৩৮০ কোটি বছর আগে চাঁদের মাটিতে যখন এই শিলা তৈরি হয়েছিল, তখন সেখানে অল্প হলেও অক্সিজেন ছিল।
তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চাইছেন না বিজ্ঞানীরা। কারণ, এ পর্যন্ত মাত্র একটি নমুনা বিশ্লেষণ করা হয়েছে। যদিও আরও প্রায় ৫০০টি নমুনার তথ্য পর্যালোচনা করা হয়েছে, তবুও চাঁদের সব অঞ্চলে একই ধরনের পরিবেশ ছিল কি না, তা নিশ্চিত নয়।
তাই ভবিষ্যতে চাঁদের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত আরও শিলা পরীক্ষা করার পরিকল্পনা রয়েছে। ৫০ বছর আগে আনা নমুনার পাশাপাশি নতুন অভিযানে সংগৃহীত শিলাও বিশ্লেষণ করা হবে।
বিজ্ঞানীদের মতে, যদি সত্যিই চাঁদে অতীতে অক্সিজেনের উপস্থিতি প্রমাণিত হয়, তবে পরবর্তী বড় প্রশ্ন হবে—সেখানে কখনও প্রাণের অস্তিত্ব ছিল কি না।




















