সুন্দরবনে মালা ফাঁদসহ হরিণ শিকারী আটক
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২১:০১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৯ বার পড়া হয়েছে
পূর্ব সুন্দরবনের কচিখালী ডিমেরচরে শনিবার (৪ এপ্রিল) সকালে এক হরিণ শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ হরিণ ধরার মালা ফাঁদ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মিজানুর রহমান নেতৃত্বে বনরক্ষীরা বনের মধ্যে নিয়মিত টহল চলাকালীন মালা ফাঁদ পাতা লক্ষ্য করেন। তল্লাশী চালিয়ে হাতেনাতে আটক করা হয় পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী গ্রামের মৃত রুস্তম আলী খানের ছেলে ছগির খান (৪০) কে।
আটক শিকারীর কাছ থেকে জব্দ করা হয়েছে ৪ হাজার ফুট মালা ফাঁদ, মাংস পরিমাপের দাড়িপাল্লা, ২ কেজি সাদা পলিথিন, প্লাস্টিক বস্তা, চাল ডালসহ আনুষঙ্গিক মালামাল। বনরক্ষীরা জানান, বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে আরও পাঁচ জন শিকারী পালিয়ে গেছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম জানান, মালা ফাঁদসহ আটক হরিণ শিকারীর বিরুদ্ধে বন আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে বাগেরহাট আদালতে পাঠানো হবে।






















