সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ৬ এপ্রিল
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ১০ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল আগামী সোমবার (৬ এপ্রিল) ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন কমিশন বাংলাদেশ। শনিবার (৪ এপ্রিল) ইসি সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, আগামী সোমবার কমিশনের ১১তম সভা শেষে সংরক্ষিত নারী আসনের নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা ঘোষণা করা হবে। এ জন্য ভোটের দুটি প্রস্তাবিত তারিখ (১০ মে ও ১২ মে) কমিশনের সামনে উপস্থাপন করা হবে। এরপর কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী ভোটের তারিখসহ তফসিল ঘোষণা করা হবে এবং চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হবে।
ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, কমিশনের সভায় সংরক্ষিত নারী আসনের নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
তিনি আরও জানান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াত জোটবদ্ধ হয়ে সংরক্ষিত নারী আসনে অংশ নেবে। অন্যদিকে বিএনপির সঙ্গে জোট করেছে গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। এছাড়া পাঁচজন স্বতন্ত্র সংসদ সদস্য আলাদা জোট গঠন করেছেন।
আইনি প্রক্রিয়া ব্যাখ্যা করে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন বলেন, গেজেট প্রকাশের দিন থেকে ৩০ কার্যদিবসের মধ্যে দলগুলো জোটগতভাবে প্রার্থী মনোনয়ন সম্পন্ন করবে। এর পরের দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। সেই হিসেবে ৫ এপ্রিল ৩০ কার্যদিবস পূর্ণ হবে এবং ৬ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে।
তিনি আরও উল্লেখ করেন, গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হয়। তাই আগামী ১৪ মে’র আগে যে কোনো দিন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ অনুযায়ী সংসদে অন্তর্ভুক্ত সদস্যদের মোট আসনের আনুপাতিক হারে সংরক্ষিত মহিলা আসন রাজনৈতিক দল ও জোটের মধ্যে বণ্টন করা হয়। এরপর ইসি সচিবালয় রিটার্নিং কর্মকর্তা নিয়োগ ও ভোটার তালিকা চূড়ান্ত করে। পরবর্তী বৈঠকে অনুমোদনের পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। দল ও জোটগুলো তাদের বরাদ্দকৃত আসনের সমান সংখ্যক প্রার্থী মনোনয়ন দেয়, ফলে অনেক ক্ষেত্রে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।




















