মীর শাহে আলম
অধ্যাদেশ আইনে রূপ পেলেই স্থানীয় সরকার নির্বাচন
- সংবাদ প্রকাশের সময় : ০৪:২৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে
সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো জাতীয় সংসদে আইনে পরিণত হওয়ার পরই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (৪ এপ্রিল) সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর মাজারে ১৪ জেলার পরিষদে নিয়োগ পাওয়া প্রশাসকদের শ্রদ্ধা নিবেদনের সময় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের দেওয়া স্থানীয় সরকার সংক্রান্ত অধ্যাদেশগুলো সংসদে পাস হয়ে আইনে পরিণত হওয়ার পরই নির্বাচন আয়োজন করা হবে। একই সঙ্গে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত আইন বাতিলের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশও আইনে রূপান্তরের পর নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে।
প্রশাসক নিয়োগ প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে নির্যাতনের শিকার এবং জনগণের পাশে থাকা, কিন্তু জাতীয় নির্বাচনে মনোনয়ন না পাওয়া ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তবে দলীয় বিবেচনায় নিয়োগ পেলেও তাদের কার্যক্রম জবাবদিহির আওতায় থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।




















