প্রতিমন্ত্রী ড. ফরিদ
আমি এমপি নই, মন্ত্রী নই, আপনাদের সেবক
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, আমি এমপি নই, মন্ত্রী নই, আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই। আপনারা আমাকে সুযোগ করে দিয়েছেন। আপনাদের কাছে আমি ঋণি। রামপাল মোংলার মানুষের জন্য আমি আমার জীবন উৎসর্গ করেছি।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে চক্ষু চিকিৎসা শিবির উদ্ধোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, গত ১৭ বছর ধরে একটানা চক্ষু চিকিৎসা শিবির পরিচালনা করে নিজস্ব অর্থায়ানে এলাকার প্রায় ১১ হাজার রোগীকে চোখের ছানি ও নেত্রনালী অপারেশনসহ লেন্স সংযোজন করে মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে পেরেছি। এছাড়াও ওই সময়ের মধ্যে লক্ষাধিক চক্ষু রোগীর প্রাথমিক সেবা, অষুধ ও চশমা প্রদান করা হয়েছে। আমি এই এলাকার সন্তান হিসেবে আপনাদের সাথে সুখ ও দুঃখ ভাগাভাগি করে নিয়েছি। শত প্রতিকূলতা উপেক্ষা করে আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। এর প্রতিদান হিসেবে আপনারা আমাকে সংসদ সদস্য নিবাচিত করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে প্রতিমন্ত্রী করেছেন। এখন এলাকার উন্নয়নের জন্য আপনাদের সহযোগীতা চাই।
বীর মুক্তিযোদ্ধা শেখ সুলতান আহমেদের সভাপতিত্বে চক্ষু চিকিৎসা শিবিরের উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, মোংলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম ফরিদ, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মানিক, পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার শিকদার, পেড়িখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ মোতাহার আলী।
দিনব্যাপী এই চক্ষু চিকিৎসা শিবিরে ৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক আগত রোগীদের মধ্যে ছানি অপারেশনের জন্য ৬০০ ছানিপড়া রোগীকে বাছাই ও প্রায় ৫ হাজার রোগীকে অষুধ ও চশমা প্রদানসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
























