৩৫ দেশকে সঙ্গে নিয়ে হরমুজ মুক্ত করার ঘোষণা স্টারমারের
এবার ইরান যুদ্ধে নামছে ব্রিটেন!
- সংবাদ প্রকাশের সময় : ১২:১১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ২১ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ‘তৈল ধমনী’ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী ঘিরে নতুন করে আন্তর্জাতিক তৎপরতার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। তিনি জানিয়েছেন, প্রণালীটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৩৫টি দেশকে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।
বুধবার দেওয়া এক বক্তব্যে স্টারমার বলেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে এবং আটকে পড়া নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই বহুজাতিক উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি জানান, শিগগিরই সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বৈঠক করে কূটনৈতিক পদক্ষেপ চূড়ান্ত করা হবে।
এই উদ্যোগে ইউরোপ ও এশিয়ার বেশ কয়েকটি প্রভাবশালী দেশ যুক্ত হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং নেদারল্যান্ডস উল্লেখযোগ্য।
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের উদ্যোগ কার্যত ইরান-সংকটকে ঘিরে বৃহত্তর সামরিক বা কৌশলগত সম্পৃক্ততার ইঙ্গিত দিতে পারে। যদিও ব্রিটিশ সরকারের পক্ষ থেকে সরাসরি যুদ্ধে জড়ানোর ঘোষণা দেওয়া হয়নি, তবুও পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা নিয়ে আন্তর্জাতিক মহলে নজর বাড়ছে।
এদিকে, একই ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানও আলোচনায় এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মিত্র দেশগুলোর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে মন্তব্য করেছেন, যারা যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াবে না, তাদের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
তার এই মন্তব্যের পরপরই যুক্তরাজ্যের এমন ঘোষণা আসায় আন্তর্জাতিক কূটনীতিতে নতুন প্রশ্ন তৈরি হয়েছে—এটি কি সমন্বিত নিরাপত্তা উদ্যোগ, নাকি বৃহত্তর ভূ-রাজনৈতিক চাপের অংশ—তা এখনো স্পষ্ট নয়।






















