রামগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা, নিহত ১
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬ ৬ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তাজুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (২৩ মার্চ) দুপুরে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনাটি নিশ্চিত করেন। এর আগে সকাল ১১টার দিকে উপজেলার ৯ নং ভোলাকোট ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত তাজুল ইসলাম উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়নের হীরাপুর গ্রামের সাজিবাড়ির মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি পেশায় একজন কাঠ মিস্ত্রি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তাজুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম তার পৈতৃক সূত্রে পাওয়া ৭ শতাংশ জমির মালিকানা বুঝে নিতে ভোলাকোট ইউনিয়নের তোরাব মিজি বাড়িতে যান। এ সময় তার ভায়রা-ভাই নুর ইসলাম ও তার দুই ছেলে মাহফুজ ও শুক্কুরসহ একই বাড়ির আরও কয়েকজন মিলে তার ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন তাজুল ইসলাম।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাশের বাড়ির বাসিন্দা মনির হোসেন জানান, ওই জমি নিয়ে প্রায় ১০ বছর ধরে জেলা আদালতে মামলা চলমান রয়েছে।
এ বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে এবং সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
























