হান্ডিয়ালে পুকুর খননের সময় উদ্ধার ৪ ফুটের বিষ্ণু মূর্তি
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৪:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ১০ বার পড়া হয়েছে
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল এলাকায় পুকুর সংস্কারের কাজ চলাকালে একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি গ্রামে সরকারি মঠের পুকুর নামে পরিচিত একটি পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
জানা যায়, সরকারি একটি প্রকল্পের আওতায় পুকুরটি সংস্কারের জন্য ভেকু (খননযন্ত্র) দিয়ে মাটি কাটার সময় মাটির নিচে একটি পাথরের মূর্তি দেখতে পান শ্রমিকরা।
পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে। ওই পুকুর খননে দায়িত্বে থাকা ওই গ্রামের ছেলে ইদ্রীস আলী থানা ও উপজেলা প্রশাসনকে খবর দেয়।
খবর পেয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী ও হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: আতিকুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন।
পরে তারা মূর্তিটি উদ্ধার করে নিরাপদে সংরক্ষণের ব্যবস্থা করেন। বর্তমানে উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তিটি হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।
স্থানীয়দের ধারণা, উদ্ধার হওয়া মূর্তিটি হিন্দু ধর্মাবলম্বীদের পূজিত বিষ্ণু দেবতার মূর্তি এবং এটি বেশ প্রাচীন। ধারণা করা হচ্ছে, এলাকাটিতে পূর্বে কোনো প্রাচীন স্থাপনা বা মন্দির থাকতে পারে, যার অংশ হিসেবে মূর্তিটি মাটির নিচে চাপা পড়ে।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী জানান, উদ্ধার হওয়া মূর্তিটির উচ্চতা প্রায় ৪ ফুট এবং ওজন আনুমানিক ৪০ থেকে ৫০ কেজি হতে পারে।
মূর্তিটি ভাঙ্গা অবস্থায় উদ্ধার করা হয়। আপাতত মূর্তিটি হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে সংরক্ষণ করা হয়েছে। পরবর্তীতে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।




















