পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪১:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ৮ বার পড়া হয়েছে
পরিকল্পিতভাবে জাকাত ব্যবস্থাপনাকে কাজে লাগাতে পারলে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে দেশে দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৭ মার্চ) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা–এ আলেম-ওলামাদের সঙ্গে ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রতি বছর পর্যায়ক্রমে দরিদ্র পরিবারগুলোকে লক্ষ্যভিত্তিক জাকাত প্রদান করা গেলে অনেক পরিবারই পরবর্তী বছর আর জাকাত গ্রহণের প্রয়োজন অনুভব করবে না।
প্রধানমন্ত্রী আরও বলেন, সুশৃঙ্খল ও কার্যকর জাকাত ব্যবস্থাপনা গড়ে তোলা গেলে তা দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য আলেম-ওলামা, ইসলামিক স্কলার ও সংশ্লিষ্টদের সমন্বয়ে জাকাত ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে এ বছর সীমিত পরিসরে ইফতার আয়োজন করা হলেও এতিমদের পাশে থাকার প্রতীকী বার্তা দিতেই এই আয়োজন করা হয়েছে।
রমজানকে সংযম ও সহমর্মিতার মাস উল্লেখ করে তিনি অসাধু ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না বাড়ানোর আহ্বান জানান।
























