জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে বাঘারপাড়ায় ইউএনওর অভিযান
- সংবাদ প্রকাশের সময় : ১১:৩৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
যশোরের বাঘারপাড়া উপজেলায় বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও অবৈধ মজুদ ঠেকাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালি সরকার শুক্রবার (৬ মার্চ) রাত ৮টায় বিভিন্ন পেট্রোল পাম্পে ঝটিকা অভিযান চালান।
অভিযান চলাকালীন ইউএনও পাম্প মালিকদের তেলের মজুদ ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সরকারি নির্দেশনা অনুসরণ করার কঠোর নির্দেশ দেন। তিনি সতর্ক করেন, কোনো অবস্থাতেই অবৈধভাবে তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবে না। প্রতিটি বিক্রয়ে অবশ্যই ক্রয় রশিদ প্রদানের ব্যবস্থা রাখতে হবে।
উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, “সরকারের নজরে এসেছে যে কিছু জায়গায় তেল অবৈধভাবে মজুদ বা সরবরাহ করে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তাই নির্দিষ্ট পরিমাণ তেল ফিলিং স্টেশন থেকে সরবরাহ এবং ক্রয় রশিদ প্রদানের নির্দেশনা জারি করা হয়েছে।”
ইউএনও আরও উল্লেখ করেন, দেশে তেলের কোনো প্রকৃত সংকট নেই। সাধারণ মানুষকে আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ বা মজুদ না করার আহ্বান জানানো হয়েছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী বাজার স্থিতিশীল রাখতে এবং অভিযোগের ভিত্তিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি প্রদান করেন ইউএনও। অভিযানে সঙ্গে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।

























