ইরান-ইসরায়েল যুদ্ধে বিরাট প্রভাব বিশ্বকাপে
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩২:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাতের পরোক্ষ প্রভাব পড়েছে টি-২০ বিশ্বকাপে। আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, সম্প্রচারকর্মী, ইভেন্ট ম্যানেজমেন্টের সদস্য এবং বিভিন্ন দেশের বোর্ড কর্মকর্তারা। পরিস্থিতি মোকাবিলায় তড়িঘড়ি বিবৃতি দিয়েছে আইসিসি।
যদিও বিশ্বকাপে মধ্যপ্রাচ্যের কোনো দল অবশিষ্ট নেই, তবু যুদ্ধ পরিস্থিতির জেরে অঞ্চলটির আকাশসীমা বন্ধ থাকায় আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। ভারত থেকে ইউরোপ ও অস্ট্রেলিয়াগামী বহু ফ্লাইটের গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট দুবাই। সেখানে পরিষেবা ব্যাহত হওয়ায় ভ্রমণ পরিকল্পনায় জটিলতা তৈরি হয়েছে।
সংঘাতের আবহে বেশ কয়েকটি বিমান সংস্থা পরিষেবা স্থগিত করেছে। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও স্পাইসজেট জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ থাকায় তাদের কিছু ফ্লাইট সাময়িকভাবে বাতিল বা পরিবর্তন করা হয়েছে। একই পদক্ষেপ নিয়েছে শ্রীলঙ্কার বিমান সংস্থাগুলিও।
এই পরিস্থিতিতে আইসিসি আশ্বস্ত করে জানিয়েছে, বিশ্বকাপ-সংশ্লিষ্ট সবার নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ইতিমধ্যেই বিকল্প সফরসূচি তৈরি করা হয়েছে এবং সংশ্লিষ্ট সবাই যেন নিরাপদে ও নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, সে বিষয়ে দিনরাত কাজ চলছে।
মধ্যপ্রাচ্যের অস্থিরতা সরাসরি মাঠের খেলায় প্রভাব না ফেললেও, বৈশ্বিক ক্রীড়া আয়োজনে ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব যে কতটা গভীর হতে পারে—তা আরও একবার স্পষ্ট হলো।






















