রাজনৈতিক টানাপোড়েনের ছায়া ক্রিকেটে
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ৯৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ ও ভারতের ক্রিকেট–সমর্থকদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি কিংবা ট্রল সংস্কৃতি নতুন নয়। বহু বছর ধরেই মাঠের বাইরের এই উত্তেজনা চলমান। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল কোলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়া এবং এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ দলের ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত—এই দ্বন্দ্বকে যেন আনুষ্ঠানিক রূপ দিয়েছে।
গত দেড় বছরে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ, কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা ইস্যুসহ একাধিক ঘটনায় ভারত–বাংলাদেশ সম্পর্কের অবনতি ঘটেছে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার একে অপরের রাষ্ট্রদূতকে তলব করেছে, রাজনীতিবিদদের বক্তব্যেও উত্তাপ ছড়িয়েছে। এতদিন এই টানাপোড়েন কূটনৈতিক বিবৃতি বা সামাজিক যোগাযোগমাধ্যমের দ্বন্দ্বেই সীমাবদ্ধ থাকলেও এবার তার সরাসরি প্রভাব পড়েছে ক্রিকেটে।
এই প্রেক্ষাপটেই বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সোমবার (৫ জানুয়ারি) দেশের টেলিভিশন চ্যানেলে আইপিএলের ম্যাচ সম্প্রচার বন্ধের নির্দেশনা দেয়। সিদ্ধান্তটি স্পষ্ট করে দেয়, এবারের বিরোধকে বাংলাদেশ আগের যেকোনো সময়ের তুলনায় বেশি গুরুত্বের সঙ্গে দেখছে।
এতদিন ক্রিকেটীয় কূটনীতির প্রভাব সবচেয়ে বেশি দেখা যেত ভারত–পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে। কিন্তু মোস্তাফিজুর রহমানকে ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে ভারত–বাংলাদেশ ক্রিকেট সম্পর্কও এমন এক জায়গায় পৌঁছেছে, যেখান থেকে স্বাভাবিক অবস্থায় ফেরা সহজ হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা।
মোস্তাফিজকে কেকেআর থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক মতাদর্শের একটি অংশ যেমন সন্তোষ প্রকাশ করেছে, তেমনি বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে স্বস্তি পাচ্ছেন ভারতবিরোধী মনোভাবের কিছু বাংলাদেশি। অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানানোর নির্দেশনা তিনি নিজেই দিয়েছেন। তাঁর পোস্টের শেষ লাইনে লেখা—“গোলামির দিন শেষ।”
তবে ক্রিকেট বিশ্লেষকদের মতে, এই দুই সিদ্ধান্তেই ক্রিকেটীয় যুক্তির চেয়ে রাজনৈতিক বিবেচনাই বেশি প্রাধান্য পেয়েছে। মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন ভারতের সাংসদ ও ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই। কংগ্রেস এমপি শশী থারুর একে ‘অপরিণামদর্শী’ সিদ্ধান্ত বলে মন্তব্য করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের চাপের কাছে নীতিনির্ধারণ নতিস্বীকার করাকে ‘উদ্বেগজনক’ আখ্যা দেন। ভারতের সাবেক বিসিসিআই প্রশাসক ও লেখক রামচন্দ্র গুহও সিদ্ধান্তটিকে ‘মারাত্মক অবিবেচক’ বলে উল্লেখ করেন এবং ভারতের জাতীয় স্বার্থেই বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।
অন্যদিকে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ ভারতে না পাঠানোর সিদ্ধান্তকেও অনেক ক্রিকেটবোদ্ধা ‘অতিরিক্ত কঠোর অবস্থান’ হিসেবে দেখছেন।
উল্লেখ্য, আইপিএলের ১৯তম আসরের নিলামে কোলকাতা নাইট রাইডার্স ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নেয়। নিলামের পর থেকেই ভারতের কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন কেকেআর ও দলটির অন্যতম মালিক শাহরুখ খানের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে। তাদের অভিযোগ ছিল, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত দেশের খেলোয়াড়কে দলে নিয়ে কেকেআর ‘ভারতীয়দের আবেগে আঘাত’ করেছে।
এরই ধারাবাহিকতায় ৩ জানুয়ারি বিসিসিআই কেকেআরকে মোস্তাফিজকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেয়। বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া নির্দিষ্ট কারণ উল্লেখ না করলেও বলেন, ‘সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতেই’ সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাধিক বৈঠকের পর ঘোষণা দেয়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল ভারতে খেলবে না এবং বিষয়টি জানিয়ে আইসিসিকে আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়েছে। নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করা হলেও, ইএসপিএনক্রিকইনফোর তথ্যমতে বিসিবির পাঠানো চিঠিতে খেলোয়াড় নিরাপত্তার বিষয়টি সরাসরি উল্লেখ ছিল না।
২০১৫ বিশ্বকাপের পর থেকেই ভারত–বাংলাদেশ ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতা মাঠের বাইরেও ক্রমেই তীব্র হয়েছে। ‘মওকা মওকা’ বিজ্ঞাপন বা ‘মুস্তাফিজ কাটার’ ধরনের গ্রাফিক্স সেই উত্তেজনাকে উসকে দিয়েছে। তবে এবারের মতো দুই বোর্ডের সরাসরি সিদ্ধান্তে রাজনৈতিক বাস্তবতা যখন ক্রিকেটকে ছাপিয়ে যাচ্ছে, তখন ভক্ত–সমর্থকদের দৃষ্টিতেও ক্রিকেটীয় বিবেচনা পেছনে পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সব মিলিয়ে, মোস্তাফিজ ইস্যু প্রমাণ করেছে—দুই দেশের রাজনৈতিক সম্পর্কের অবনতির ঢেউ এখন আর ক্রিকেট মাঠের বাইরে থেমে থাকছে না; সেটি সরাসরি খেলাটির ভবিষ্যৎ সম্পর্ককেই প্রভাবিত করছে।























