পৌষের শীতে কাঁপছে ঢাকা, তাপমাত্রা নেমে ১২ ডিগ্রিতে
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
পৌষের হাড়কাঁপানো শীতে রাজধানী ঢাকাসহ সারা দেশে তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেছে। রোববার (৪ জানুয়ারি) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে প্রায় ১২ ডিগ্রি সেলসিয়াসে, যা আগের দিনের তুলনায় শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার (৪ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। দিনের প্রথমার্ধে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
পূর্বাভাসে আরও বলা হয়, উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।
রোববার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।
ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।





















