বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের আহ্বান আসিফ নজরুলের
- সংবাদ প্রকাশের সময় : ০১:০৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একই সঙ্গে তিনি বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছেন।
রোববার (৪ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আসিফ নজরুল লেখেন, “উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। কলকাতা নাইট রাইডার্স সেই নির্দেশ মেনে নিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
তিনি আরও লেখেন, “আমি তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছি, বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচার যেন বন্ধ করে দেওয়া হয়। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ।”
বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে শঙ্কা
বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।
আগামী ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতায় এবং একটি ম্যাচ মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে এসব ম্যাচ আরেক স্বাগতিক দেশ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বিষয়ে আইসিসিকে চিঠি দিতে বিসিবিকে নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন আসিফ নজরুল।
ফেসবুক পোস্টে তিনি বলেন, “ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশ দিয়েছি, তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি লিখিতভাবে ব্যাখ্যা করে। যেখানে একজন বাংলাদেশি ক্রিকেটার চুক্তিবদ্ধ হয়েও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের পুরো দল বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না।”
তিনি আরও জানান, বোর্ডকে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।
এই ঘটনায় ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক এবং আসন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে নিরাপত্তা ইস্যু নতুন করে আলোচনায় এসেছে।





















