সবজির দাম নাগালের বাইরে
- সংবাদ প্রকাশের সময় : ০২:১৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের পণ্যের দাম। মুলা, কচুর লতি, চিচিঙা, গোল বেগুন, করলা, পটল, ধনে পাতা, বরবটিসহ প্রায় সবজির দাম আকাশছোঁয়া। কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম। ৮০ টাকার নিচে কোনো ধরনের সবজি নেই বললেই চলে।
শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।
কারওয়ান বাজারের একখুচরা বিক্রেতা জানান, সবজির মধ্যে সবচেয়ে বেশি দাম শিমের। প্রতিকেজি ২০০ টাকার ওপরে। কাঁচা মরিচের দাম গেল সপ্তাহে সাড়ে ৩০০ টাকা থাকলেও তা নেমে এসেছে ২০০ টাকায়। শীতের আগাম সব ধরনের সবজির দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।
বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৭০ টাকায়, বেগুন (গোল) প্রতি কেজি ১৬০ টাকা, বেগুন (লম্বা) প্রতি কেজি ১০০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা, মুলা প্রতি কেজি ৮০ টাকা, ধন্দুল প্রতি কেজি ৮০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া প্রতি কেজি চিচিঙ্গা ৮০ টাকা, টমেটো প্রতি কেজি ১৩০ টাকা, বরবটি প্রতি কেজি ১০০ টাকা, লাউ প্রতি পিস ৭০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, বাঁধাকপি (ছোট) প্রতি পিস ৬০ টাকা, গাজর প্রতি কেজি ১৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা, লেবু প্রতি হালি ৪০ টাকা এবং কাঁচা মরিচ প্রতি কেজি ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে খুচরা বাজারে এক কেজি মসুর ডালের দাম এখন ১৫৫ থেকে ১৬০ টাকা। এই দাম ছোট দানার; অর্থাৎ সরু মসুর ডালের। গত দেড় মাস আগে বাজার থেকে এই ডাল কেনা যেত ১৩৫ থেকে ১৪০ টাকায়; অর্থাৎ দেড় মাসের ব্যবধানে ছোট দানার মসুর ডালের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা। মসুর ডালের দাম বাড়ার প্রভাবে খুচরা বাজারে ছোলা ও অ্যাংকর ডালের দামও কিছুটা বেড়ে গেছে।
এক ক্রেতা অভিযোগ করে বলেন, সবজির তেমন ঘাটতি না থাকলেও ব্যবসায়ীরা নানা অজুহাতে অন্যান্য পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন। দুই সপ্তাহ আগে তেলের দাম বেড়েছিল।
বাজারে মাছ-মাংসের দাম আগের মতো চড়া দামে আটকে আছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগি ৩০০ থেকে ৩২০ টাকা। কক মুরগি ২৬০ থেকে ২৯০ টাকা। লেয়ার মুরগি ২৮০ থেকে ৩০০ টাকা ও দেশি মুরগি ৫৩০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।






















