ওমানে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১২:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
ওমানের দুকুম সিদরা এলাকায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত সবার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। তারা সাগরে মাছ ধরে ফিরছিলেন বলে জানা যায়।
জানা গেছে, মাছ ধরে ফেরার পথে দুকুম এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় এবং বাকিরা হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বর্তমানে মরদেহগুলো দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একসঙ্গে একই এলাকার সাত প্রবাসীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
সারিকাইতের এক বাসিন্দা বলেন, একটা পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন কেউ কেউ। এই দুর্ঘটনার খবর সহ্য করা সত্যিই কঠিন।
ওমানপ্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় বাংলাদেশ দূতাবাসও বিষয়টি তদারকি করছে বলে জানা গেছে।



























