লক্ষ্মীপুর রায়পুরে ভাড়া নিয়ে দুই রিকশা চালকের দ্বন্দ্ব, যুবদল নেতার মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ১১ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রায়পুরে ভাড়া নিয়ে দুই রিকশাচালকের হাতাহাতির সময় বাধা দেওয়ায় মারধরের শিকার বিল্লাল মিশরী (৪৫) নামের এক ওয়ার্ড যুবদল নেতার মৃত্যু হয়েছে। এসময় কবির মহুরী নামে আরেকজনও আহত হয়। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১টায় রায়পুর- লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে সাবরেজিষ্টার মসজিদের বিপরিতে মারধরের এ ঘটনা ঘটে।
মো. বিল্লাল মিশরী (৪৫) রায়পুরের কেরোয়া ইউনিয়ন ৩ নাম্বার ওয়ার্ড যুবদলের সভাপতি ও ওই এলাকার মৃত হাবিব উল্লাহের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পরিবারের অভিযোগ, যুবদল নেতা বিল্লাল মিশরী আড়তে তরমুজ কিনতে আসেন। এসময় পৌরসভার ৩ নং ওয়ার্ডের বয়াতি বাড়ীর শাহআলমের ছেলে রিকশাচালক রহমান (৩৫) ভাড়া নিয়ে অপর আরেক রিকশাচালককে মারধর করে। এসময় বিল্লাল ও কবির বাধা দেয়। এতে রহমান আরও উত্তেজিত হয়ে বিল্লালকে বেদম মারধর করে পালিয়ে যায় । এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে যায়। এসম কর্তব্যরত ডাক্তার দ্রুত ঢাকায় আইসিউতে প্রেরন করলে পথে মারা যায়।
নিহত বিল্লালের স্বজন আইনজীবী সহকারি টিপু হোসেন জানান, অভিযুক্ত রিকশাচালক রহমান বিল্লালকে চোখে, মুখে, বুকে কিল ঘুষি মেরে মারাত্নক জখম করে পালিয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
নিহত বিল্লাহ মিশরীর বোন বিলকিস আক্তার বলেন, মারধরের পর থেকেই আমার ভাইয়ের বুকে ব্যথা ও শ্বাসকষ্টের কথা বলছিলেন। আমরা নিঃস্ব হয়ে গেলাম, সন্তানরা এতিম হয়ে গেল, আমরা বিচার চাই।
অভিযোগের বিষয়ে রহমান পলাতক থাকায় তার মন্তব্য পাওয়া যায়নি তবে তার পিতা শাহআলম বলেন, আমি কিছুই জানিনা। আমার ছেলে অপরাধ করলে আইন অনুযায়ী বিচার হবে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, যুবদল নেতা বিল্লালের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
























