‘মায়ের মতো একই পরিণতির হুমকি স্বরাষ্ট্র উপদেষ্টাকে’
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ১৮৫ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমার মায়ের মতো একই পরিণতির হুমকি দিয়েছে বলে জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। সোমবার (১২ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এক প্রতিক্রিয়ায় এ কথা জানান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে জয় লিখেছেন, আওয়ামী লীগকে বাংলাদেশের একটি বড় দল হিসেবে সংগঠিত হতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা । এ দেশের স্বাধীনতা যে আওয়ামী লীগের হাত ধরেই এসেছে তাও উল্লেখ করেন। তার এই সৎ পরামর্শ কোনভাবেই মেনে নিতে পারলো না সেই একই ‘মব’, উল্টো তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমার মায়ের মতোই পরিণতি ভোগ করতে হবে বলে হুমকিও দিলো।
সোমবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গোছাতে বলেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও তাদের সাহায্য করা হবে বলেও জানান তিনি।
এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা উপদেষ্টাদের মনে করিয়ে দিতে চাই, গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনারা উপদেষ্টা হয়েছেন, আপনারা বক্তব্য দেয়ার আগে ৫ আগস্টের গণভবনের চিত্র মনে রাখবেন। খুনিদের পুনর্বাসনের বিষয়ে সতর্ক করে দিতে চাই, আমরা যেভাবে স্বৈরাচারকে ক্ষমতা থেকে নামিয়েছি, ঠিক একইভাবে স্বৈরাচার পুনর্বাসনের চেষ্টাকারীদেরও নামাতে সময় লাগবে না।





















