নৌযান চলাচল বন্ধ তিন উপকূলীয় এলাকায়
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৫৩ বার পড়া হয়েছে
বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর হাতিয়াসহ ৩টি উপকূলীয় এলাকায় নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও এক ইঞ্জিনবিশিষ্ট নৌযান চলাচলও বন্ধ করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিআইডব্লিউটিএ’র বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিআইডব্লিউটিএ জানিয়েছে, উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া চলছে। সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাগরে প্রচণ্ড ঢেউ থাকায় যাত্রীদের জানমালের নিরাপত্তায় ঢাকা থেকে হাতিয়া ও বেতুয়াগামী, বেতুয়া ও হাতিয়া থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে খেপুপাড়াগামী ও খেপুপাড়া থেকে ঢাকাগামী- এইতিনটি উপকূলীয় অঞ্চলের নৌ পথে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে এক ইঞ্জিনবিশিষ্ট নৌযান চলাচল বন্ধ রাখার কথাও জানিয়েছে বিআইডব্লিউটিএ।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। স্থল নিম্নচাপ আকারে এটি এখন খুলনা অঞ্চলে অবস্থান করছে। সমুদ্রবন্দরসহ উপকূলীয় এলাকাকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখানো হয়েছে।





















