নিখোঁজ নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ ১৮৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের এক দিন পর এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিষ্ণুতারা গ্রামের তাঁর নিজ বাড়ির পাশে কিচ্ছালডি খালের পাড় থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহতের ভাতিজা ইয়াকুব আলী বলেন, ‘গতকাল বুধবার বিকেলে থেকে আমার চাচির খোঁজ পাওয়া যায়নি। আমরা মনে করেছিলাম হয়তো মেয়ের বাড়িতে বেড়াতে গেছেন। তাই তেমন খোঁজাখুঁজি করিনি। আজ সকালে খবর পাই কিচ্ছালডি খালের পাড়ে রক্তাক্ত অবস্থায় তাঁর লাশ পরে রয়েছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।’ নিহত রোকেয়া বেগম (৬৫) ওই গ্রামের পশ্চিমপাড়া বড় বাড়ির মৃত আবুল কালামের স্ত্রী। তাঁর তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে কিচ্ছালডি খালের পাড় থেকে রক্তাক্ত অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্তের সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’





















