এবিজি ইউনিভার্সিটি কাপের অধিনায়ক সম্মেলন, উন্মোচন হলো ট্রফি ও জার্সি

- সংবাদ প্রকাশের সময় : ০৯:২১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়াচর্চা ও পেশাদার ক্রীড়া সংস্কৃতি বিকাশের লক্ষ্য নিয়ে আয়োজিত হতে যাচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের পরিকল্পনা ও দিকনির্দেশনায় আয়োজিত এ টুর্নামেন্টকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে অধিনায়ক সম্মেলন। এতে অংশগ্রহণকারী ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট ও ফুটবল দলের অধিনায়কেরা অংশ নেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় বর্ণাঢ্য এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে টুর্নামেন্টের প্রস্তুতি, খেলার নিয়মাবলি ও দলগুলোর গ্রুপ বিন্যাস নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আনুষ্ঠানিক লটারির মাধ্যমে ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতার গ্রুপ নির্ধারণ করা হয়। এ সময় টুর্নামেন্টের অফিশিয়াল জার্সি ও ট্রফি উন্মোচন এবং খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ করা হয়।
আয়োজকদের অন্যতম লক্ষ্য, বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরি করা। এবারের আসরের বিশেষ আকর্ষণ—ফ্লাডলাইটের আলোয় ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা আয়োজন।
ক্রিকেট ও ফুটবলে ১০ বিশ্ববিদ্যালয়ের লড়াই
টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। ক্রিকেট ও ফুটবল—দুই বিভাগেই দলগুলো দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।
ক্রিকেটের গ্রুপ বিন্যাস
- গ্রুপ ‘এ’: ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), ইউনিভার্সিটি অব স্কলার্স ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
- গ্রুপ ‘বি’: আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), নর্থ সাউথ ইউনিভার্সিটি, সোনারগাঁও ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
ফুটবলের গ্রুপ বিন্যাস
- গ্রুপ ‘এ’: নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
- গ্রুপ ‘বি’: আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ব্র্যাক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), সোনারগাঁও ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব স্কলার্স।
চ্যাম্পিয়নদের ১০ লাখ, রানার্সআপ ৫ লাখ টাকা
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ক্রিকেট ও ফুটবলের পৃথক বিভাগে চ্যাম্পিয়ন দলের জন্য ১০ লাখ টাকা এবং রানার্সআপ দলের জন্য ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে আয়োজক কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান। এ ছাড়া উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারী, এবিজি স্পোর্টস সিটির উপদেষ্টা মো. লিয়াকত হোসেন ও মো. নাজমুল আলম ভূঁইয়া, টি স্পোর্টসের নির্বাহী পরিচালক তাসভির উল ইসলাম, ফুটবল অপারেশন্স ম্যানেজার সালমান হাসান এবং ক্রিকেট অপারেশন্স ম্যানেজার ইকরাম হোসেন রাফি।
প্রধান অতিথির বক্তব্যে মো. ইমরুল হাসান বলেন, ফুটবল ও ক্রিকেট দিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপের যাত্রা শুরু হচ্ছে। ভবিষ্যতে আরও বিভিন্ন ইভেন্ট যুক্ত করে এ আয়োজনকে বৃহত্তর পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের জন্য এমন একটি মঞ্চ তৈরি করতে চান, যেখানে তাঁরা নিজেদের মেধা ও সামর্থ্য প্রদর্শনের মাধ্যমে জাতীয় ক্রীড়াঙ্গনে অবদান রাখার সুযোগ খুঁজে পাবেন।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বসুন্ধরা গ্রুপের অবদানের কথা তুলে ধরে ইমরুল হাসান বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন খেলায় পৃষ্ঠপোষকতা, বিশ্বমানের ক্রীড়া অবকাঠামো নির্মাণ এবং নতুন উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে দেশের ক্রীড়াক্ষেত্রে ভূমিকা রাখছে গ্রুপটি। উপমহাদেশের অন্যতম বৃহৎ ক্রীড়া অবকাঠামো এবিজি স্পোর্টস সিটি সেই উদ্যোগেরই একটি দৃষ্টান্ত।
তিনি আরও বলেন, সায়েম সোবহান আনভীরের পরিকল্পনা ও দিকনির্দেশনায় শুরু হতে যাওয়া এবিজি ইউনিভার্সিটি কাপ সময়ের সঙ্গে আরও বড় ও সমৃদ্ধ হবে এবং দেশের ক্রীড়াঙ্গনে শক্ত অবস্থান তৈরি করবে বলে তাঁরা আশাবাদী।
আয়োজক ও অংশগ্রহণকারী দলের অধিনায়কদের প্রত্যাশা, এ টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে দলগত সংহতি, নেতৃত্বগুণ ও প্রতিযোগিতামূলক মনোভাব বাড়াবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড় উঠে আসার পথও তৈরি করবে।























