ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ১৪১ বার পড়া হয়েছে
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা- সিলেট মহাসড়কে ট্রাকচাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক, হেলপারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ জুন) ভোরে এই ঘটনা ঘটে।
জানা যায়, নিহত রবিউল হক শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের ভূজপুর থানায়। এ ঘটনায় আটককৃতরা হলো- কামাল, মজান ও মনিরুল ইসলাম।
ওসি তৈমুর ইসলাম বলেন, বুধবার (২৬ জুন) ভোরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনের মহাসড়কে ঢাকাগামী একটি ট্রাক রবিউল হককে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ড্রাইভার, হেলপারসহ তিনজনকে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে।
জানা গেছে, নিহত রবিউল মঙ্গলবার (২৫ জুন) সুনামগঞ্জের জয়কলস হাইওয়ে থানা থেকে বদলি হয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় যোগদান করেন। বুধবার (২৬ জুন) ভোরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে দায়িত্ব পালনকালে চিনিবোঝাই একটি ট্রাককে দাঁড়ানোর জন্য সিগন্যাল দেয়। এ সময় চালক ট্রাকটি সড়কের পাশে দাঁড় করানোর সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি মারা যান।

























