চিত্রা নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
- সংবাদ প্রকাশের সময় : ০২:১৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ১২৮ বার পড়া হয়েছে
নড়াইলে বন্ধুদের সাথে চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ জুন) সকালে ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে সদর উপজেলার আউড়িয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আসমাউল মীর (১৪) নড়াইল সদর পৌরসভার উজিরপুর গ্রামের বিল্লাল মীরের ছেলে।
মঙ্গলবার (২৫ জুন) বিকালে নড়াইল সদর পৌরসভার উজিরপুর এলাকার চিত্রা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয়।
জানা গেছে, বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল সদর পৌরসভা থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে সদর উপজেলার আউড়িয়া এলাকা থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। গত মঙ্গলবার বিকালে দুই বন্ধুর সঙ্গে আসমাউল মীর চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন নড়াইল ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে সংবাদ দেয়। পরে তারা এসে উদ্ধার কার্যক্রম শুরু করে রাত সাড়ে ৮টা পর্যন্ত তার কোন সন্ধান পায়নি।
নড়াইল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মাসুদ রানা এ বিষয়ে বলেন, বুধবার (২৬ জুন) সকালে খুলনার ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান পরিচালনা করার কথা ছিল। কিন্তু এর আগেই ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে ওই কিশোরের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।
























