১১ আগস্টের এইচএসসি পরীক্ষা স্থগিত
- সংবাদ প্রকাশের সময় : ০৩:১৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ২৫৯ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জায়গায় চলমান সহিংসতার কারণে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় আগামী ১১ আগস্টের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, চলমান পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব হবে নয়। বিজ্ঞপ্তির মাধ্যমে শিগগিরই বিষয়টি জানিয়ে দেওয়া হবে।দেশের বিভিন্ন থানায় আমার যে প্রশ্ন পাঠিয়েছিলাম, তা পুড়ে গেছে। এখন প্রশ্নগুলো আবার নতুন করে ছাপাতে হবে।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হওয়া সহিংসতার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কারণে কয়েক দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। বোর্ডগুলো ৩ দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করে। এরপর আগামী ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে ফের পরীক্ষাগ্রহণের বিষয় জানানো হয়। প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়।
চলমান সহিংসতার কারণে সারা দেশে গত ১৮ জুলাই প্রথম এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। পরিস্থিতি আরও খারাপ হওয়ায় ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষ তৃতীয় দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
উল্লেখ্য, এ বছর ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদরাসা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

























