সানস্ক্রিন মাখার পরও কেন মুখে কালচে ছোপ পড়ে? জানালেন বিশেষজ্ঞরা
- সংবাদ প্রকাশের সময় : ১২:০৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ১২ বার পড়া হয়েছে
গ্রীষ্মের তীব্র রোদে বাইরে বের হলেই অনেকের মুখে দেখা দেয় কালচে ছোপ বা পিগমেন্টেশনের সমস্যা। নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করেও অনেকেই এ সমস্যা থেকে মুক্তি পান না। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে—সানস্ক্রিন কি যথেষ্ট সুরক্ষা দিতে পারে না?
ত্বক বিশেষজ্ঞদের মতে, সানস্ক্রিন সূর্যের ক্ষতিকর অতিবেগুনি (ইউভি) রশ্মি থেকে ত্বককে সুরক্ষা দেয় ঠিকই, তবে এটি পিগমেন্টেশন পুরোপুরি প্রতিরোধ বা দূর করতে পারে না। কারণ ত্বকে কালচে দাগ বা ছোপ পড়ার পেছনে শুধু রোদ নয়, আরও নানা কারণ জড়িত।
বিশেষজ্ঞদের ভাষ্য, দীর্ঘ সময় রোদে থাকলে ত্বকে মেলানিন উৎপাদন বেড়ে যায়। এর ফলে ত্বকের কিছু অংশের রং গাঢ় হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে পুরো ত্বক সমানভাবে কালচে না হয়ে নির্দিষ্ট কিছু স্থানে দাগ বা ছোপের মতো পরিবর্তন দেখা যায়, যাকে পিগমেন্টেশন বলা হয়।
তবে পিগমেন্টেশন এবং সানট্যান এক বিষয় নয়। দীর্ঘ সময় প্রখর রোদে থাকার কারণে শরীর বা মুখে যে সামগ্রিক কালচে ভাব তৈরি হয়, তাকে সানট্যান বা সানবার্ন বলা হয়। অন্যদিকে পিগমেন্টেশন সাধারণত ত্বকের নির্দিষ্ট অংশে দেখা দেয় এবং এর কারণ আরও জটিল হতে পারে।
চিকিৎসকদের মতে, হরমোনের পরিবর্তন, বয়স, জেনেটিক কারণ, কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, ত্বকের প্রদাহ কিংবা ব্রণের দাগ থেকেও পিগমেন্টেশনের সমস্যা দেখা দিতে পারে। তাই শুধু সানস্ক্রিন ব্যবহার করলেই এ সমস্যা পুরোপুরি এড়ানো সম্ভব নয়।
বিশেষজ্ঞরা পরামর্শ দেন, নিয়মিত সানস্ক্রিন ব্যবহারের পাশাপাশি ছাতা, টুপি বা সানগ্লাস ব্যবহার করা, দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলা এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ত্বকের বিশেষ যত্ন নেওয়া উচিত। এতে পিগমেন্টেশনের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।










