ইরানের তৈলভান্ডার দখল করতে পারে আমেরিকা!
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৮:১৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আমেরিকার পরিকল্পনায় ইরানের তৈলভান্ডার দখল করার ভাবনা রয়েছে। তিনি খার্গ আইল্যান্ডে আমেরিকান ফৌজ মোতায়েনের সম্ভাবনার কথাও উত্থাপন করেছেন এবং ইঙ্গিত দিয়েছেন, ইরানে স্থলপথে সেনা অভিযান চালানো হতে পারে।
রবিবার (২৯ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যানশিয়াল টাইমসকে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “সত্যি কথা বলতে, ইরানের তৈলভান্ডারটা নিয়ে নেওয়াই আমার প্রিয় কাজ। তবে কিছু আমেরিকান এখানে প্রশ্ন তুলছে, কেন আমি এটা করছি—ওরা বোকা।”
খার্গ আইল্যান্ড দখলের পরিকল্পনা প্রসঙ্গে ট্রাম্প জানান, “হয়তো আমরা খার্গ দখল করব, হয়তো করব না। আমাদের অনেক কিছুই করতে হবে। মানে, আমাদের সেখানে কিছু সময়ের জন্য অবস্থান করতে হতে পারে।”
এর আগে আমেরিকা খার্গ দ্বীপের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে, তবে তেলের সরাসরি নিয়ন্ত্রণ নেওয়া হয়নি। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, হরমুজ প্রণালীতে পণ্য পরিবহণে বাধা চলতে থাকলে তৈলভান্ডারেও আক্রমণ হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই ইঙ্গিত বিশ্ববাজারে তেলের দাম বাড়ানোর সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে গত কয়েকদিনে আমেরিকার ৩,৫০০ সৈন্য পশ্চিম এশিয়ায় পৌঁছেছে, যার মধ্যে রণতরী ইউএসএস ট্রিপোলি “উভচর” আক্রমণের সক্ষমতা সম্পন্ন।
তবে কূটনৈতিক প্রচেষ্টা এখনও চলমান। পাকিস্তান দাবি করেছে, তারা ইরান ও আমেরিকাকে আলোচনার টেবিলে বসাবে, যাতে সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্ভব হয়।
এই পরিস্থিতি পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি এবং তেলের বাজারে প্রভাব ফেলার সম্ভাবনা তৈরি করছে।























