এক-এগারোর আরেক কুশীলব আফজাল নাছের গ্রেপ্তার
- সংবাদ প্রকাশের সময় : ১১:০৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
এক-এগারো’ সরকারের অন্যতম কুশীলব, ডিজিএফআই-এর সাবেক প্রধান মেজর জেনারেল (অব.) মো. আফজাল নাছেরকে (৬১) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (৩০ মার্চ) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। ডিবির একটি দায়িত্বশীল সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
আফজাল নাছের ২০০৭ সালের জুন থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক নেতাদের ওপর নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আলোচনা ছিল।
ডিবি সূত্রে জানা গেছে, একই ধরনের অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক দুই সেনা কর্মকর্তা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তা এখনও প্রকাশ করা হয়নি। তবে শিগগিরই তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এই গ্রেপ্তারকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে।
আফজাল নাছেরের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার মজিরখিল এলাকায়। ১৯৮৪ সালের ৪ জুলাই সেনাবাহিনীতে যোগ দেন তিনি। ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত তিনি ডিজিএফআইতে দায়িত্বপালন করেন।




















