রানার্সআপ হয়ে সেমিতে বাংলাদেশ
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
মালদ্বীপের মালে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল।
এই ফলে সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। আর রানার্সআপ হিসেবে সেমিফাইনালে উঠেছে লাল-সবুজের যুবারা।
শনিবার (২৮ মার্চ) ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে লড়াই। ১৬ মিনিটে কর্নার থেকে হেড করে ভারতকে এগিয়ে দেন বিশাল যাদব।
পিছিয়ে পড়ার পর বাংলাদেশ সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে। তবে প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন ডিফেন্ডার আশিকুর রহমান, যা দলের জন্য বড় ধাক্কা ছিল।
প্রথমার্ধের যোগ করা সময়ে উত্তেজনা চরমে ওঠে—ডাগআউটে সংঘর্ষের জেরে দুই দলের স্টাফ কার্ড দেখেন, এমনকি বাংলাদেশের কোচকেও মাঠ ছাড়তে হয়।
তবে শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় আব্দুল রিয়াদ ফাহিমের দুর্দান্ত ভলিতে সমতায় ফেরে বাংলাদেশ। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।
বিরতির পর বাংলাদেশ আক্রমণ বাড়ালেও গোলের দেখা পায়নি। ভারতের আক্রমণও ঠেকিয়ে দেন গোলরক্ষক মাহিন। শেষ দিকে ভারত রক্ষণাত্মক কৌশল নিলে বাংলাদেশ সর্বশক্তি দিয়ে আক্রমণ চালায়, কিন্তু আর গোল হয়নি।
গ্রুপ বি-তে দুই ম্যাচে সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে ভারত শীর্ষে ওঠে। বাংলাদেশ রানার্সআপ হয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়।





















